করোনা মোকাবিলায় ব্র্যাকের সঙ্গে যুক্ত ৯ ব্যাংক

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ২০:৫৫

ইত্তেফাক রিপোর্ট

করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা তৈরি, সংক্রমণ প্রতিরোধ এবং ক্ষতিগ্রস্ত অসহায় জনগোষ্ঠীকে জরুরি সহায়তা প্রদানে ব্র্যাকের উদ্যোগে যুক্ত হয়েছে দেশের ৯টি বেসরকারি ব্যাংক। ব্যাংকগুলো এ বাবদ মোট ১৫ কোটি ৯১ লাখ ৯৩ হাজার ৭২৮ টাকা অনুদান দিচ্ছে। অনুদানের এ টাকা ব্যয় হবে ঝুঁকিপূর্ণ ২০ জেলায়। ৯টি ব্যাংক হলো—ব্র্যাক, ইস্টার্ন, মিউচুয়াল ট্রাস্ট, স্ট্যান্ডার্ড, ঢাকা, ব্যাংক এশিয়া, মার্কেন্টাইল, ইউনাইটেড কমার্শিয়াল ও ডাচ্-বাংলা ব্যাংক। ব্যাংকগুলোর এই অনুদান করোনার উচ্চ ঝুঁকিপূর্ণ ২০ জেলা, বিশেষত রাজশাহী এবং খুলনা বিভাগের জেলাগুলোতে ব্যয় করা হবে। নয়টি ব্যাংকের মধ্যে ব্যাংক এশিয়া এবং ঢাকা ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর প্রক্রিয়াধীন। ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, অনুদানের অর্থ ব্র্যাকের করোনা ভাইরাস প্রতিরোধে নেওয়া উদ্যোগ ‘করোনা প্রতিরোধে সামাজিক দুর্গ’ এবং ‘ডাকছে আবার দেশ’-এ কাজে লাগানো হবে। উদ্যোগ দুটির মূল কার্যক্রম হলো—মাস্ক বিতরণ এবং মেডিক্যাল সহায়তার মাধ্যমে কমিউনিটিতে রিসিলিয়েন্স গঠন এবং লকডাউনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকা পরিবারগুলোতে জরুরি আর্থিক সহায়তা প্রদান করা।

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি এই মহামারির কারণে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা পালনের উদ্দেশ্যে ব্যাংকগুলোকে বিশেষ ‘করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি’ (সিএসআর) কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে। এ  কার্যক্রমের আওতায় ব্যাংকগুলো ব্র্যাকের ‘ডাকছে আবার দেশ’ এবং ‘করোনা প্রতিরোধে সামাজিক দুর্গ’ দুটি কার্যক্রমে অর্থায়ন করেছে। এ নয় ব্যাংকের প্রতিশ্রুত টাকা থেকে ‘ডাকছে আবার দেশ’ উদ্যোগের অধীনে ব্যয় হবে ১৩ কোটি ৫৭ লাখ ৪০ হাজার ৫০০ টাকা;  যা দিয়ে ৭২ হাজার ১৬০টি পরিবারকে নগদ অর্থ সহায়তা দেওয়া হবে।  বাকি অর্থ দিয়ে ‘করোনা প্রতিরোধে সামাজিক দুর্গ’ প্রকল্পের অধীনে ১৮ লাখ মানুষকে মাস্ক এবং অন্যান্য করোনা প্রতিরোধসামগ্রী বিনা মূল্যে বিতরণ করা হবে।