বন্যা, নদীভাঙন, অতিবৃষ্টিতে বেশি ক্ষতিগ্রস্ত হয় পথশিশু, ছোট ছেলেমেয়েরা। এর ওপর লকডাউন যেন আরো বিপদ টেনে এনেছে। পথশিশুদের অনেকের মা-বাবা নেই। অনেকের মা-বাবা থেকেও নেই। তাদের জীবিকা নির্ভর করে নিজের উপার্জনের ওপর। কেউ ফুল বেচে, কেউ বেলুন আবার কেউবা ছোলা, বাদাম, ঠান্ডা পানি, জুস রাস্তায় রাস্তায় বিক্রি করে দুমুঠো ভাত জোটায়। অতি বৃষ্টির কারণে তাদের বিক্রিতে বিঘ্ন ঘটে। অতিবৃষ্টিতে পথশিশুরা অসহায়, নেই ঘুমানোর জায়গা পর্যন্ত। ধারণা করা হয়, দেশে পথশিশুর সংখ্যা ৬০ লাখের কাছাকাছি, যার ৭৫ শতাংশই ঢাকার। পথশিশুদের অনেকে মাদকাসক্ত হয়ে বেড়ে উঠছে। এমনকি চুরি-ডাকাতির মতো কাজেও লিপ্ত হচ্ছে প্রতিনিয়ত। বর্তমান প্রেক্ষাপটে পথশিশুরা আছে খাদ্য সংকটে। কিছু মানুষ এগিয়ে এলেও সংখ্যাটা খুব কম। পথশিশুদের শিক্ষা, বাসস্থানের ব্যবস্থা করা এখন সময়ের দাবি। সরকারের পাশাপাশি এগিয়ে আসতে হবে বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনকে।
বিশাল সাহা
শিক্ষার্থী, ঢাকা কলেজ
