পদক-জয়ীদের সম্মিলিত বয়স ৪৪!

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ২২:০৩

স্পোর্টস ডেস্ক

টোকিও অলিম্পিকে নারী স্কেটবোর্ডের ফাইনালে ঘটে গেল বিরল এক ঘটনা। এই ইভেন্টে পদকজয়ী তিন স্কেটারের সম্মিলিত বয়স মাত্র ৪৪! অনেকের কাছে তা অবিশ্বাস্য মনে হতে পারে। কিন্তু আদতে সেটাই সত্যি।

৬০.০৯ স্কোর গড়ে এই ইভেন্টে সোনা জিতেছে স্বাগতিক জাপানের ১৯ বছর বয়সি স্কেটার সাকুরা ইয়োসোজমি। রুপা জিতেছেন ৫৯.০৪ স্কোর গড়া  আরেক জাপানিজ কোকোনা হিরাকি। শুনলে অবাক হওয়ারই কথা রুপা জয়ী এই হিরাকির বয়স সবে মাত্র ১২ বছর। অপর দিকে ৫৬.৪৭ স্কোর নিয়ে ব্রোঞ্জ জিতেছেন গ্রেট ব্রিটেনের ১৩ বছর ২৮ দিন বয়সি স্কেটার স্কাই ব্রাউন।
সোনা না পেলেও ইতিহাস গড়েছেন হিরাকি। অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে কম বয়সে রুপা জেতার নজির ঘটিয়েছেন এই জাপানি কিশোরী। তাছাড়া ১৯৩৬ সালের অলিম্পিকে ফ্রান্সের নোয়েল ভ্যানডারনটের পর
 অলিম্পিকে সবচেয়ে কম বয়সে পদক জিতলেন তিনি।

হিরাকির মতো কীর্তি গড়েছেন ব্রোঞ্জ জেতা ব্রাউনও। টোকিও অলিম্পিকে তার আগমন হয়েছিল অলিম্পিকে অংশ নেওয়া সর্বকনিষ্ঠ ব্রিটিশ হিসেবে। এবার পদক জিতে নিজেকে আরো একধাপ উচ্চতায় নিয়ে গেলেন তিনি। তার থেকে কম বয়সে পদক জয়ের স্বাদ পায়নি আর কোনো ব্রিটিশ অলিম্পিয়ান ।