স্পোর্টস রিপোর্টার
কয়েক মাস পরই আইসিসি টি-২০ বিশ্বকাপ। টুর্নামেন্টের জন্য ভালো প্রস্তুতির সুযোগ পাচ্ছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পরপরই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধ খেলবে টাইগাররা। অস্ট্রেলিয়ার মতোই পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। আগামী ২৪ আগস্ট ঢাকায় আসবে ব্ল্যাক ক্যাপসরা।
গতকাল সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিবি। ঢাকায় নেমে তিন দিনের কোয়ারেন্টাইন শেষে অনুশীলন করবে কিউইরা। পরে ২৯ আগস্ট বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি। সিরিজের মূল লড়াই শুরু হবে সেপ্টেম্বরে। মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দিবারাত্রির সবকয়টি ম্যাচ। ১ সেপ্টেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-২০। পরে ৩, ৫, ৮, ১০ সেপ্টেম্বর পরের চারটি টি-২০ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। তবে ম্যাচ শুরুর সময়টা ঘোষণা করেনি বিসিবি।
অস্ট্রেলিয়ার মতোই নিউজিল্যান্ড সিরিজেও কঠোরভাবে পালন করা হবে জৈব সুরক্ষা বলয়। সুযোগ-সুবিধাও একই রকম পাবে নিউজিল্যান্ড।
অতীতে বাংলাদেশের মাটিতে কখনোই একাধিক ম্যাচের টি-২০ সিরিজ খেলেনি দুই দল। এবারই প্রথম ঢাকায় একাধিক ম্যাচের সিরিজ খেলবে উভয় দল। বাংলাদেশে টি-২০ তে একটি ম্যাচই খেলেছে দুই দল, ২০১৩ সালের ঐ ম্যাচে জিতেছিল নিউজিল্যান্ড। তবে ঘরের মাঠে ২০১৭, ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে দুইবার তিনটি করে টি-২০ ম্যাচ খেলেছিল কিউইরা। এ ফরম্যাটে ১০ বারের সাক্ষাতে কখনোই নিউজিল্যান্ডকে হারাতে পারেনি বাংলাদেশ।
এবার ঘরের মাঠে নিশ্চয়ই পাঁচ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ তে জয়ের খাতা খোলার চেষ্টা করবে টাইগাররা। উল্লেখ্য, বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিরুদ্ধেও খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু আইপিএলের কারণে সিরিজটা দেড় বছর পিছিয়ে দিয়েছে ইংল্যান্ড।
বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ সূচি
২৯ আগস্ট প্রস্তুতি ম্যাচ বিকেএসপি
১ সেপ্টেম্বর প্রথম টি-২০ মিরপুর
৩ সেপ্টেম্বর দ্বিতীয় টি-২০ মিরপুর
৫ সেপ্টেম্বর তৃতীয় টি-২০ মিরপুর
৮ সেপ্টেম্বর চতুর্থ টি-২০ মিরপুর
১০ সেপ্টেম্বর পঞ্চম টি-২০ মিরপুর
(সবগুলো ম্যাচই দিবারাত্রি)
