র্যাংকিংয়ে সাকিবের উন্নতি

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ২২:০৩

স্পোর্টস রিপোর্টার

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ জয়ের ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কারও পেয়েছেন তিনি। ব্যাটিংয়ে ৩৬ রান ও বোলিংয়ে ২৪ রানে ১ উইকেটে নিয়েছিলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। এ পারফরম্যান্সে টি-২০ তে আইসিসির র্যাংকিংয়ে বেশ উন্নতি হয়েছে সাকিবের।

টি-২০ তে ব্যাটসম্যানদের তালিকায় ৬ ধাপ ও বোলারদের তালিকায় ৩ ধাপ উন্নতি হয়েছে তার। অলরাউন্ডারদের র্যাংকিয়ে দ্বিতীয় স্থানে আছেন এ বাংলাদেশি অলরাউন্ডার। শীর্ষে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টি-২০, পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের চার ম্যাচের সিরিজ ও ভারত-শ্রীলঙ্কার শেষ দুই টি-২০ ম্যাচের পারফরম্যান্স বিবেচনায় গতকাল সর্বশেষ র্যাংকিং প্রকাশ করেছে বিসিবি। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-২০ তে তিনে নেমে ৩৬ রান করা সাকিব ব্যাটসম্যানদের তালিকায় ৬ ধাপ এগিয়ে ৫৬তম স্থানে আছেন। বোলারদের তালিকায় ৩ ধাপ এগিয়ে ১৮ নম্বরে রয়েছেন তিনি। ১৬ রানে ২ উইকেট পাওয়া মুস্তাফিজুর রহমান ৪৬ থেকে ৩০তম স্থানে উঠে এসেছেন। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ম্যাচ সেরা হয়েছিলেন নাসুম আহমেদ। ১৯ রানে ৪ উইকেট পাওয়া এ বাঁহাতি স্পিনার এখনো র্যাংকিংয়ের একশোতে ঢুকতে পারেননি। ব্যাটিংয়ে ২৯ বলে ৩০ রানের ইনিংস খেলা ওপেনার নাঈম শেখও ৭ ধাপ এগিয়েছেন র্যাংকিংয়ে। তার অবস্থান এখন ২৫তম স্থানে। অস্ট্রেলিয়ার পক্ষে ৪৫ রানের ইনিংস খেলেছিলেন মিচেল মার্শ। ১৩ ধাপ এগিয়ে ২৫তম স্থানে নাঈমের সঙ্গী মার্শ।

ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ১৫ ধাপ এগিয়েছেন। ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে আছেন ইংল্যান্ডের ডাভিড মালান। বোলাদের মধ্যে উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড, অ্যান্ড্রু টাইয়ের। শ্রীলঙ্কার পেসার দুশমন্থ চামিরাও সাকিবের সঙ্গে ১৮তম স্থানে রয়েছেন। বোলারদের র্যাংকিংয়ে শীর্ষস্থানে আছেন দক্ষিণ আফ্রিকার তাবরেইজ শামসি।