মোদিকে বললেন মমতা

পশ্চিমবঙ্গের বন্যা ‘ম্যান মেড’

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ২২:৪৫

পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল বুধবার পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে মমতার সঙ্গে ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় মমতা বলেন, এই বন্যা ‘ম্যান মেড’ (মুনষ্য সৃষ্ট)। ডিভিসি কর্তৃপক্ষ জলাধারের পলি পরিষ্কার করে না। নদীগুলোর নাব্য কমে গেছে। তাই বারবার বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। শুধু তাই নয়, রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ না করে ডিভিসি নিজেদের ইচ্ছেমতো পানি ছাড়ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, মমতাকে ফোন করে পরিস্থিতির খোঁজ নেন মোদি। কোন জেলার কী অবস্থা, ক্ষয়ক্ষতি কত, প্রাণহানি হয়েছে কিনা, তা জানতে চান মোদি। পরিস্থিতি সামাল দিতে কী কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়েও আলোচনা হয় দুই জনের মধ্যে। পরে প্রধানমন্ত্রী মোদির দপ্তর থেকে এক টুইট বার্তায় বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। বন্যাকবলিত এলাকায় সবাই যাতে সুস্থ ও নিরাপদ থাকেন, তার জন্য প্রার্থনা করছেন।

টানা বর্ষণে দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলিসহ একাধিক জায়গায় বন্যা দেখা দিয়েছে। বহু বাড়িঘর পানির নিচে চলে যাওয়ায় ত্রাণ শিবিরে ঠাঁই নিয়েছেন বহু মানুষ। সেই সঙ্গে রয়েছে খাবার পানির কষ্টও।

এদিকে খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার যাত্রা বাতিল হলে সড়কপথেই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যান মমতা ব্যানার্জি। কথা ছিল হাওড়ার উদয়নারায়ণপুর, হুগলির খানাকুলে যাবেন তিনি। কিন্তু পানি বাড়তে থাকায় আমতাতেই আটকে যান তিনি। সেখানেই প্রায় হাঁটুসমান জলে দাঁড়িয়ে দুর্গতদের সঙ্গে কথা বলেন। প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন।