রেমিট্যান্সের মতো অন্য খাতেও প্রণোদনার উদ্যোগ নেওয়া হবে :অর্থমন্ত্রী

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ২২:৪৬

রেমিট্যান্সের মতো অন্য খাতে প্রণোদনা দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘প্রণোদনার পরিসর আরো বাড়ানো যায় কি না, সেটা দেখব। নতুন নতুন এলাকায় প্রণোদনা দেওয়া যায় কি না, সেটা দেখা হবে। তবে রেমিট্যান্সে ২ শতাংশ প্রণোদনা যথেষ্ট বলে মনে করেন তিনি। এই হার আপাতত বাড়ানোর চিন্তা নেই।

গতকাল ভার্চুয়াল পদ্ধতিতে অর্থনীতিসংক্রান্ত ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। অর্থমন্ত্রীর সভাপতিত্বে সভা দুটি অনুষ্ঠিত হয়। সদ্যসমাপ্ত জুলাই মাসে দেশে রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি কমে যাওয়ার বিষয়ে মন্তব্য জানতে চাইলে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, গত বছরের তুলনায় কিছুটা কমেছে। কারণ গত বছর রেমিট্যন্সের প্রবাহ অস্বাভাবিক বেশি ছিল। এখন তুলনামূলক কিছুটা কমেছে। অর্থমন্ত্রী মনে করেন, ঈদ-পরবর্তী সময়ের কারণে এমনটা হতে পারে। আশা করছি ঠিক হয়ে যাবে।’ রপ্তানি কমে যাওয়ার বিষয়ে তিনি বলেন, দেশে এখন মাঝে মাঝে লকডাউন দেওয়া হচ্ছে। এজন্য যে পরিমাণ উত্পাদন করার কথা, সেটা হচ্ছে না। ফলে রপ্তানিও কম হয়েছে। অর্থমন্ত্রী বলেন, ‘আমরা বিভিন্ন প্রক্রিয়ায় রপ্তানি বাড়ানোর ব্যবস্থা নেব। যেসব ঘাটতি রয়েছে, সেটা পূরণ করার চেষ্টা করব। এই মুহূর্তে করোনা মোকাবিলা করাই বড় বিষয়। ভ্যাকসিনের যে পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি, সেটা করতে পারলে এই সমস্যাগুলো কেটে যাবে।’

সরকারি প্রণোদনার টাকা শেয়ারবাজারে যাচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, প্রণোদনার টাকা শেয়ারবাজারে যাচ্ছে, এটা যেভাবে বলা হচ্ছে সেভাবে হচ্ছে না। রেমিট্যান্সের টাকা যেতে পারে। রেমিট্যান্সের যারা সুবিধাভোগী, তারা বিনিয়োগ করতে পারেন।

কমিটির সভায় চাল ক্রয়সহ মোট ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে খাদ্য অধিদপ্তর কর্তৃক ২০২১-২২ অর্থবছরের জন্য ৫০ হাজার মেট্রিকটন নন-বাসমতি সেদ্ধ চাল ভারতীয় প্রতিষ্ঠানের মাধ্যমে ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১৬০ কোটি ২২ লাখ ১১ হাজার টাকা।

কমিটির বৈঠকে দেশের অক্সিজেনের চাহিদা মেটাতে জরুরি ভিত্তিতে অক্সিজেন উত্পাদনকেন্দ্র স্থাপনসংক্রান্ত একটি প্রস্তাব টেবিলে উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দেয়। শিগিগর প্ল্যান্টটি স্থাপন করা হবে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন বলেন, ৩০টি অক্সিজেন জেনারেটর প্ল্যান্ট ক্রয় করা হবে। কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডামিক প্রিপেয়ার্ডনেস’ প্রকল্পের আওতায় এসব প্ল্যান্ট স্থাপনে অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।