নিউ ইয়র্ক গভর্নর অ্যান্ড্রিউ কুওমোর পদত্যাগ দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় গভর্নর কুওমোর পদত্যাগ করা উচিত। স্থানীয় সময় মঙ্গলবার জো বাইডেন হোয়াইট হাউজে সাংবাদিকদের এ কথা বলেন। খবর সিএনএনের
প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘আমি মনে করি কুওমোর পদত্যাগ করা উচিত। আমি বুঝতে পারছি, অঙ্গরাজ্যের আইন অনুসারে তাকে অভিশংসনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কিন্তু ফ্যাক্ট হিসেবে আমার জানা নেই। আমি পুরো তথ্য পড়িনি। এর আগে মঙ্গলবারই দীর্ঘ পাঁচ মাসের তদন্ত শেষে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিয়া জেমস রিপোর্ট পেশ করেন। তদন্তে ১১ জন নারীকে যৌন হয়রানির প্রমাণ পাওয়া যায়।’
লেটিয়া জেমস জানান, কুওমো সাবেক এবং বর্তমান অনেক নারী কর্মীকে যৌন হয়রানি করেছেন। তদন্তে দেখা গেছে, ডেমোক্র্যাটপন্থি গভর্নর কুওমো হঠাত্ করেই নারীদের শরীর স্পর্শ করতেন এবং যৌন হয়রানিমূলক মন্তব্য করতেন। এর ফলে রাজ্য অফিসে নারীদের কাজ করাটা কঠিন হয়ে পড়েছিল। জেমস বলেন, কুওমোর এ আচরণ ফেডারেল এবং রাজ্যের অনেক আইনের লঙ্ঘন ঘটিয়েছে। অ্যাটর্নি জেনারেল অফিসের রিপোর্টে দাবি করা হয়েছে, কেবল নিজের অফিসের নারী কর্মীদেরই নয়, অন্য রাজ্য অফিসের নারী কর্মীদেরও যৌন হয়রানি করেছেন কুওমো। ১১ নারীর অভিযোগের তদন্ত করা হয়েছে। প্রত্যেক নারীর অভিযোগই সঠিক প্রমাণিত হয়েছে। তবে পাঁচ মাস ধরে চলা এই তদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন গভর্নর অ্যান্ড্রিউ কুওমো।
