বউভাতের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে পাঁচ নারীসহ ১৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর পৌনে ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের পদ্মা নদীর দক্ষিণ পাকা ঘাটে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েক জন।
পাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন জানান, শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের দক্ষিণ পাকা তেররশিয়া গ্রামের মো. হোসেন আলীর মেয়ের বউভাত অনুষ্ঠান ছিল দুপুরে। সেই বউভাতের অনুষ্ঠানে যোগ দিতে নৌকায় করে রওনা হন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের ২০-২৫ জন। এ সময় নামে তুমুল বৃষ্টি। বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে সবাই নৌকা থেকে নেমে আশ্রয় নেন দক্ষিণ পাকা ঘাটের একটি কাঁচা ঘরে। আর তখন বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন ১৭ জন।
এ ঘটনায় জেলাসহ সারা দেশের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহতদের বাড়িতে বাড়িতে চলছে শোকের মাতম।
মৃতরা হলেন—দক্ষিণ পাকা তেররশিয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে রফিক উদ্দিন (৪২), মহবুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৬০), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজনগর ডাইলপাড়ার মৃত সৈয়ব আলীর ছেলে তবজুল আলী (৭০), তার স্ত্রী জামিলা বেগম (৫৮), ছেলে সাদল আলী (৩৫), একই এলাকার জামাল উদ্দিনের মেয়ে লেচন (৫০), সূর্য নারায়ণপুর গ্রামের ধুনু মিয়ার ছেলে সজীব আলী (২২), কালুর ছেলে আলম (৪৫), মোস্তফার ছেলে পাচু (৪০), ফাটাপাড়ার সাদেকুল ইসলামের স্ত্রী টকি বেগম (৩০), চরবাগঙাডা গোঠাপাড়ার সাত্তার আলীর ছেলে সোহবুল (৩০), চর সূর্য নারায়ণপুরের টিপুর স্ত্রী বেলি বেগম (৩২), মহারাজনগর ডাইলপাড়ার রফিকুল ইসলামের ছেলে বাবুল (২৬), সূর্য নারায়ণপুরের বাবু আলীর স্ত্রী মোসা. মৌসুমী বেগম (২৫), বাবু ডাইং এলাকার মহফুলের ছেলে টিপু সুলতান (৪৫), মহারাজনগরের বাদল আলীর ছেলে বাবু (২০) ও সুন্দরপুরের সেরাজুল ইসলামের ছেলে আসিকুল ইসলাম (২০)।
বুধবার দুপুর ১২ দিকে এই দুর্ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা প্রশাসক মো. মুঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রাকিব, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলার নির্বাহী অফিসার মো. সাকিব আল রাব্বী, অফিসার ইনচার্জ মো. ফরিদ হোসেন ও উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. আরিফুল ইসলামসহ জেলা-উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিগণ।
তারা নিহতের বাড়ি বাড়ি গিয়ে সমবেদনা ও শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। আহতদের ৫ হাজার করে টাকা দেওয়া হয়েছে। করে আর্থিক সহায়তা প্রদান করেছেন। নিহতদের লাশ নিয়ে গেছেন স্বজনরা।
