টিকা ছাড়া চলাফেরায় শাস্তির সিদ্ধান্ত প্রত্যাহার

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ২২:৫৩

আগামী ১১ আগস্ট থেকে করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন নেওয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বের কোনো ব্যক্তি বাইরে চলাফেরার ক্ষেত্রে শাস্তির মুখে পড়বেন বলে যে সিদ্ধান্তের কথা বলা হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে। গতকাল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ বছরের ঊর্ধ্বে সব নাগরিককেই পর্যায়ক্রমে ভ্যাকসিনের আওতায় আনা হবে। তবে ‘টিকা নেওয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ ১১ আগস্টের পর বাইরে বের হতে পারবে না’ মর্মে বিভিন্ন গণমাধ্যমে মন্ত্রীর যে বক্তব্য প্রচার হচ্ছে, বক্তব্যের সেই অংশটুকু প্রত্যাহার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সাংবাদিকদের বলেন, সিদ্ধান্তটি প্রত্যাহার ও বক্তব্যটি সংশোধন করা হয়েছে। এই মুহূর্তে এটা সম্ভব নয়। এটা পর্যায়ক্রমে হবে। ভবিষ্যতে আরো টিকা দেওয়ার ব্যবস্থা করে এ সিদ্ধান্ত নেব। এজন্য আরো সময় লাগবে। মন্ত্রী বলেন, টিকা ছাড়া চলাচলের ক্ষেত্রে কবে থেকে শাস্তি আরোপ করা হবে, সেই তারিখ আমরা পরে জানাব। সবাইকে যখন টিকা দেওয়ার সক্ষমতা অর্জিত হবে, সেটা নিশ্চিত হওয়ার পরই এটা করা হবে।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে করোনা ভাইরাস পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সভাশেষে তিনি সাংবাদিকদের বলেন, ১১ তারিখ থেকে ভ্যাকসিন ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কোনো লোক বাইরে বের হলে, সেটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

এ বিষয়ে বুধবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বেশির ভাগ অনলাইনে সংযুক্ত ছিলেন, আমিও অনলাইনে সংযুক্ত ছিলাম। সেখানে এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি।