বিভিন্ন সামাজিক মাধ্যমে ‘১৮ বছরের ঊর্ধ্বে টিকা নেওয়া ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না’ মর্মে নামে-বেনামে যে সংবাদ পরিবেশিত হচ্ছে তা স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট হওয়ায় এবং কিছু সংবাদে বক্তার নাম উল্লেখ না থাকায় এ বিষয়টি জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, ‘১৮ বছরের ঊর্ধ্বে কেউ বাইরে যেতে পারবে না’ বলে যে সংবাদটি প্রচার হচ্ছে তা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নয়। মূলত এ ধরনের কোনো সিদ্ধান্ত বা প্রস্তাবনা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোথাও দেওয়া হয়নি।
বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, আগামী ৭-১২ আগস্ট দেশব্যাপী অনুষ্ঠিতব্য কোভিড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন কার্যক্রমকে ফলপ্রসূ করার জন্য গত মঙ্গলবার, মন্ত্রিপরিষদ বিভাগে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সপ্তাহে ১ কোটি ডোজ টিকা প্রদান কার্যক্রমকে সফল করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি, শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতার অনুরোধ জানানো হয়। উক্ত সভায় ১৮ বছরের ঊর্ধ্বের কেউ টিকা নেওয়া ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবে না’ এ ধরনের কোনো কথা বা সিদ্ধান্ত বা কোনো রকম প্রস্তাবনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হয়নি। সামাজিক মাধ্যমে এই বক্তব্যটি কার তা উল্লেখ না থাকায় এ নিয়ে জনমনে ভুল বোঝাবুঝির সুযোগ সৃষ্টি হয়েছে যা একেবারেই অনাকাঙ্ক্ষিত। এ পরিপ্রেক্ষিতে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্পষ্ঠভাবে জানিয়ে দিতে চায় সংশ্লিষ্ট সংবাদের সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণায়ের কোনো সম্পর্ক নেই। এ রকম সংবাদ প্রকাশে মানুষের মনে সরকারের কার্যক্রম নিয়ে যাতে কোনো সংশয় তৈরি না হয়—সে ব্যাপারে সবার সহোযোগিতা চান স্বাস্থ্যমন্ত্রী।
