ঢাকাই সিনেমার বিতর্কিত নায়িকা পরিমনির বিরুদ্ধে মামলা করবেন ব্যবসায়ী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসির উদ্দিন মাহমুদ। তিনি পরীমনির মামলায় গ্রেফতার হয়ে জেল খেটেছেন। গতকাল বুধবার নাসির উদ্দিন গণমাধ্যমকে জানান, মিথ্যা অপবাদ, সম্মানহানি করা, পারিবারিকভাবে অপদস্ত করাসহ বেশ কিছু বিষয়ে যে কোনো সময় তিনি রাজধানীর বিমানবন্দর থানায় পরীমনির বিরুদ্ধে মামলা করবেন। নাসির বলেন, আমি আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে মামলা করব। আমার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ করা হয়েছে তার সবই মিথ্যা। আমাকে পারিবারিকভাবে হয়রানি করা হয়েছে, সমাজে অপদস্ত করা হয়েছে। মিথ্যা ও বানোয়াট অভিযোগের কারণে আমার দীর্ঘদিনের অর্জিত মান-সম্মান সবকিছুই শেষ হয়ে গেছে।
প্রসঙ্গত, গত ৯ জুন মধ্যরাতে সাভারে অবস্থিত ঢাকা বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয় বলে চিত্রনায়িকা পরীমনি অভিযোগ করেন। ঘটনার চার দিন পর ১৩ জুন রাত ৮টার দিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এবং রাত ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এ ঘটনা প্রকাশ করেন নায়িকা পরীমনি। পর দিন ১৪ জুন সকালে ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ ও অমিসহ ছয় জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন তিনি। ঐ দিন বিকালে উত্তরা থেকে নাসির ও অমিসহ পাঁচ জনকে আটক করা হয়।
