১১ আগস্ট থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল।

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ২২:৫৪

চলমান কঠোর বিধিনিষেধ চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। এরপর ১১ আগস্ট থেকে শুরু হবে যাত্রীবাহী ট্রেন চলাচল। গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, ১১ আগস্ট থেকে ৩৮ জোড়া আন্তঃনগর ও ১৯ জোড়া মেইল কমিউটার ট্রেন চলাচল শুরু হবে। তবে এ সময়ে কাউন্টারে টিকিট বিক্রি হবে না। ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হবে, যা অনলাইনে কিনতে হবে।

এদিকে সংক্রমণ ঠেকাতে চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপর ১১ আগস্ট থেকে সড়কে পুনরায় গণপরিবহন চলাচল করবে। এছাড়া বাসের ড্রাইভার ও হেলপারদের নিজ নিজ ওয়ার্ড থেকে টিকা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে করোনা ভাইরাস পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এর আগে করোনার সংক্রমণ রোধে সব ধরনের অফিস বন্ধ রেখে গত ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ কার্যকর করে সরকার। এরপর কোরবানির ঈদের আগে গত ১৫ জুলাই থেকে আট দিনের জন্য সব বিধিনিষেধ তুলে নেওয়া হয়।