খুনি ও সাজাপ্রাপ্ত ছাড়া সবাইকে
জামিন দেওয়ার আহ্বান
ইত্তেফাক রিপোর্ট
কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের নিয়ে ‘নাগরিক সমাজের সভা’ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। গতকাল বুধবার গণস্বাস্থ্য নগর হাসপাতালের সেমিনার কক্ষে তার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভা থেকে খুনি ও দাগি সাজাপ্রাপ্ত আসামি ছাড়া সবাইকে জামিন দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সভায় বিভিন্ন দাবি বাস্তবায়নে আগামী ১১ আগস্ট বিকাল ৩টায় নাগরিক সমাজের ব্যানারে কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা করা হয়।
সভায় ভাসানী অনুসারী পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ কল্যাণ পার্টি, গণসংগতি বাংলাদেশ, ছাত্র যুব অধিকারী পরিষদ, গণফোরাম, বিকল্পধারা বাংলাদেশ, মেহনতি জনতা ও নাগরিক মঞ্চের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় গৃহীত প্রস্তাবনায় বলা হয়েছে, সরকারের তথ্য অনুযায়ী ১ কোটি ১৪ লাখ টিকা মজুত আছে। জাপান থেকে আসবে আরো ৬ লাখ। আগামী এক সপ্তাহের মধ্যে এই টিকা কারখানার শ্রমিক ও ছাত্রদের দেওয়া হোক। দীর্ঘদিন কোর্ট-কাচারি বন্ধ থাকায় বিচারপ্রার্থী ও আইনজীবীরা দুঃখ-কষ্টে আছে। কোর্ট-কাচারি খুলে দেওয়ার দাবি জানানো হয়েছে।
