শ্যামপুর ও কদমতলীতে এমপি বাবলার সপ্তাহব্যাপী এডিস-বিরোধী অভিযান

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ২২:৫৬

ইত্তেফাক রিপোর্ট

ডেঙ্গু নিয়ন্ত্রণে দলমত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা। গতকাল বুধবার শ্যামপুর খন্দকার রোডে ডেঙ্গু প্রতিরোধে নিজ উদ্যোগে শ্যামপুর-কদমতলীর সাতটি ওয়ার্ডে সাত দিনব্যাপী এডিস মশা নিধনে প্রতিষেধক ছিটানোর কর্মসূচি উদ্বোধনকালে তিনি আহ্বান জানান।

বাবলা বলেন, নগরীর এডিস মশা নির্মূলে প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ইতিমধ্যে ব্যাপক কার্যকর কর্মসূচি গ্রহণ করেছেন। প্রতিটা পরিবারের সদস্যদের উচিত নিজেদের ও সমাজের মানুষকে ডেঙ্গুর হাত থেকে বাঁচাতে নিজ আঙিনা ও বাড়ির ছাদ পরিষ্কারপরিছন্ন রাখা। এজন্য স্ব-স্ব এলাকার রাজনৈতিক নেতা-কর্মী, সামাজিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জাপার কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে, যুগ্ম প্রচার সম্পাদক শেখ মাসুক রহমান, শ্যামপুর থানা জাপার সভাপতি কাওসার আহমেদ ও সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা প্রমুখ।