আমের ঝুড়িতে ফেনসিডিল পরিবহন
বরিশাল অফিস
চাঁপাইনবাবগঞ্জ থেকে পটুয়াখালীগামী আমবাহী একটি পিকআপ তল্লাশি করে ৪৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব-৮। মঙ্গলবার দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের ইচলাদী টোলপ্লাজা এলাকা থেকে এই ফেনসিডিল উদ্ধারের সময় দুই জনকে আটক করে তারা। আটককৃতরা হলো পাবনা সদর থানার রাধানগর এলাকার মো. আফজাল হোসেন (৪৯) এবং চরপাড়া কাশীনাথপুর এলাকার মো. রঞ্জু হোসেন (৩৩)। গতকাল বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার দুপুরে ইচলাদী টোলপ্লাজায় চেকপোস্ট স্থাপন করে র্যাব। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে পটুয়াখালীগামী একটি আমবাহী পিকআপ থামার সংকেত দেওয়া হলে চালকসহ দুই জন গাড়িটি থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র্যাব সদস্যরা তাদের আটক করে। পরে গাড়ি তল্লাশি করে আমের ঝুড়ির আদলে লুকিয়ে রাখা ৪৪৫ বোতল ফেনসিডিল এবং নগদ ৪ হাজার টাকা উদ্ধার করে। আটককৃতদের গতকাল উজিরপুর থানায় সোপর্দ করে র্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
