বঙ্গোপসাগরে তিন দিন ধরে ভাসমান অবস্থায় একটি ফিশিং বোট থেকে ১৭ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। গত মঙ্গলবার মধ্যরাতে নৌবাহিনী জাহাজ অনুসন্ধান কুতুবদিয়া থেকে ৫ মাইল অদূরে ভাসমান অবস্থায় ‘তামান্না মুন্সী-৪’ নামের ফিশিং বোটটি জেলেসহ উদ্ধার করে। গত ১ আগস্ট ১৭ জন জেলেসহ ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশে সমুদ্রে যায়। বোটটির ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় তিন দিন সমুদ্রে অবস্থান করে। পরবর্তী সময়ে বোটের মাস্টার জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯ এ ফোন করে জানায়। জরুরি সেবা থেকে নৌবাহিনীকে জানানো হলে সমুদ্রে টহল কাজে নিয়োজিত থাকা নৌবাহিনী জাহাজ অনুসন্ধান দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে বোটসহ জেলেদের উদ্ধার করে। জাহাজের নৌসদস্যরা উদ্ধারকৃত জেলেদের জরুরি ভিত্তিতে প্রাথমিক চিকিত্সা এবং প্রয়োজনীয় খাদ্য ও পানি সরবরাহ করেন। গতকাল বুধবার সকালে উদ্ধারকৃত জেলেদের বোটের মালিকের নিকট হস্তান্তর করা হয়।—আইএসপিআর
