রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার মৈকুলী এলাকার ইউনাইটেড লেদার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে কারখানার কেমিক্যালের গুদামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে মিলের কাঁচামাল, কেমিক্যাল ও উত্পাদিত পণ্যসহ বিপুল পরিমাণ মালামাল ভস্মীভূত হয়। লকডাউনের কারণে কারখানা বন্ধ থাকায় এবং আগুন লাগার সঙ্গে সঙ্গে কারখানায় কর্মরত কর্মচারীদের বাইরে বের করে দেওয়া হয়। ফলে হতাহতের ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ক্ষতিগ্রস্ত টিনশেড গুদাম থেকে দীর্ঘ সময় ধোঁয়া বের হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক দিনোমনি শর্মা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ঢাকা, আদমজী, ডেমরা, কাঞ্চন, আড়াইহাজার, সোনারগাঁ ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের ১৬০ জন কর্মী চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
