কৃষিপণ্য বিপণনে অ্যাপ ‘সদাই’

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ২৩:০০

ইত্তেফাক রিপোর্ট

কৃষকের কষ্টার্জিত ফসলের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করতে কৃষি বিপণন অধিদপ্তর নিয়ে এসেছে অ্যাপ ‘সদাই’। এর মাধ্যমে কৃষক ও ভোক্তার সরাসরি যোগাযোগ হবে। এই প্ল্যাটফরমে লেনদেন হওয়া কৃষিপণ্যের গুণগতমান ও ক্রয়-বিক্রয় মনিটরিং করবে কৃষি বিপণন অধিদপ্তর। পণ্যের উপযুক্ত দামও নির্ধারণ করবে তারা।

গতকাল সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কৃষিপণ্য কেনাবেচার এই মোবাইল অ্যাপ উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, কৃষিপণ্যের বিপণন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ অ্যাপটি সফলভাবে বাস্তবায়িত হলে দেশের কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তি, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হ্রাস, কৃষিপণ্যের গুণগত মান নিশ্চিতে কাজ করবে। একইসঙ্গে ভোক্তাররা যাতে প্রতারণার শিকার না হয় এবং নিরাপদ ও ভেজালমুক্ত পণ্য পায়—এ ব্যাপারে অ্যাপটি সহায়ক ভূমিকা রাখবে। কৃষিমন্ত্রী বলেন, দেশে ধান, গম, ভুট্টা, শাকসবজি, ফলমূলসহ সকল কৃষিপণ্যের উত্পাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছে, উত্পাদনে বিস্ময়কর সাফল্য এসেছে। কিন্তু কৃষকেরা অনেক সময় তাদের উত্পাদিত পণ্য বাজারজাত করতে পারেন না, সঠিক মূল্য পান না। কৃষকের উত্পাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতের পাশাপাশি ভোক্তার সঠিক মূল্যে, নিরাপদ ও ভেজালমুক্ত পণ্য কেনার নিশ্চয়তাও দিতে হবে। এ লক্ষ্যে ‘সদাই’ অ্যাপটি কাজ করবে।

কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি বিপণন অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ ও মন্ত্রণালয়েরর অতিরিক্ত সচিব হাসানুজ্জামান কল্লোল বক্তব্য রাখেন। উল্লেখ্য, ভোক্তা ও উদ্যোক্তাদের জন্য ‘সদাই’ অ্যাপ আলাদা। অ্যাপটি ইন্টারনেটে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। অ্যাপে কৃষক ও উদ্যোক্তারা ফ্রি রেজিস্ট্রেশন করে কমিশনবিহীন বিক্রির সুযোগ পাবেন। মোবাইল ব্যাংকিং পেমেন্ট এবং ক্যাশ অন ডেলিভারি পেমেন্টের সুযোগ পাওয়া যাবে। মূল্য যাচাইয়ের সুযোগ ও অর্ডারকৃত পণ্যের  ট্র্যাকিং সুবিধা রয়েছে।