বার কাউন্সিল পরিচালনায় ১৫ সদস্যের অ্যাডহক কমিটি

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ২৩:০০

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য  ১৫ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ লিগ্যাল প্রাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২ (রাষ্ট্রপতির ১৯৭২ সালের ৪৬ নম্বর আদেশ) এর অনুচ্ছেদ (৮) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার ১৫ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে। পদাধিকারবলে কমিটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সদস্যরা হলেন :সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, আব্দুল বাসেত মজুমদার, সৈয়দ রেজাউর রহমান, মোখলেছুর রহমান বাদল, এইচ এ এম জহিরুল ইসলাম খান (জেড আই খান পান্না), শাহ মো. খসরুজ্জামান ও মো. কামরুল ইসলাম, ঢাকা আইনজীবী সমিতির কাজী নজীবুল্লাহ হিরু, চট্টগ্রাম আইনজীবী সমিতির মুজিবুল হক, সিলেট আইনজীবী সমিতির এ এফ মো. রুহুল আনাম চৌধুরী মিন্টু, ময়মনসিংহ আইনজীবী সমিতির কবির উদ্দিন ভূঞা, খুলনা আইনজীবী সমিতির পারভেজ ইসলাম খান, রাজশাহী আইনজীবী সমিতির মো. ইয়াহিয়া এবং সিরাজগঞ্জ আইনজীবী সমিতির মো. আব্দুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই অ্যাডহক কমিটির মেয়াদ হবে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত। আগামী ৩১ মে বা এর আগে বার কাউন্সিলের নির্বাচন সম্পন্ন করবে এই কমিটি। নির্বাচনের মাধ্যমে গঠিত কমিটি পহেলা জুলাই থেকে দায়িত্বভার গ্রহণ করবেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়। আইন সচিব মো. গোলাম সারোয়ার জানান, কোভিড-১৯ এর কারণে নির্ধারিত সময়ে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব না হওয়ার পরিপ্রেক্ষিতে এই অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।