পরিবহন শ্রমিকদের মধ্যে চাল বিতরণকালে বিশৃঙ্খলা, জড়িতদের বিচার দাবি

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ২৩:০০

ফুলবাড়িয়া বাস টার্মিনাল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের উদ্যোগে ফুলবাড়িয়া বাস টার্মিনালে কর্মহীন সড়ক পরিবহন শ্রমিকদের মধ্যে চাল বিতরণ অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে জনৈক ইসমাইল হোসেন বাচ্চুর বিরুদ্ধে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ফুলবাড়িয়া বাস টার্মিনাল মালিক সমিতির আহ্বায়ক ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল শ্রমিক কমিটির আহ্বায়ক মোখলেছুর রহমান। এতে বলা হয়, ইসমাইল হোসেন বাচ্চুর নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীরা গতকাল চাল বিতরণ কর্মসূচি বানচাল করার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং কর্মহীন শ্রমিকদের মধ্যে চাল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের  মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস এবং বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান, সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আজমল উদ্দিন আহমেদ সবুর, ফুলবাড়িয়া বাস টার্মিনাল মালিক সমিতির আহ্বায়ক সফিকুল আলম খোকন এবং ফুলবাড়িয়া বাস টার্মিনাল শ্রমিক কমিটির আহ্বায়ক মোখলেছুর রহমানসহ আরো অনেকে। ফুলবাড়িয়া বাস টার্মিনাল মালিক সমিতি ও শ্রমিক কমিটির পক্ষ থেকে উল্লিখিত ঘটনার তীব্র নিন্দা এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে  জোর দাবি জানানো হয়েছে।