সিএনজি অটোরিকশা চালুর দাবি চালকদের

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ২৩:০১

বিশেষ প্রতিনিধি

করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের কারণে গণপরিবহন বন্ধ রয়েছে। এরই মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সিএনজি অটোরিকশা চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ সিএনজি অটোরিকশা চালক সংগ্রাম পরিষদ। সারা দেশের সিএনজি অটোরিকশা-চালক ও তাদের পরিবারকে রক্ষায় আজ ৫ আগস্টের মধ্যে কঠোর স্বাস্থ্যবিধি মেনে সিএনজি অটোরিকশা চালুর দাবি জানান নেতারা। অন্যথায় আগামীকাল শুক্রবার বিক্ষোভ সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তার। গতকাল সিএনজি অটোরিকশা চালক সংগ্রাম পরিষদের এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

পরিষদের নেতারা বলেন, বিধিনিষেধের কারণে গত এক মাসের বেশি সময় সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। এতে রাজধানীতেই প্রায় ৫০ হাজার চালক বেকার হয়ে পড়েছেন। আর্থিক প্রণোদনাও নেই। যেহেতু গার্মেন্টসহ শিল্প-কলকারখানা, আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক-বিমা, হাসপাতাল ও জরুরি পণ্য সেবা প্রতিষ্ঠান খোলা সেহেতু এসব প্রতিষ্ঠানের কর্মজীবীরা গণপরিবহন বন্ধ থাকায় কর্মস্থলে যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছেন। তাই অবিলম্বে সিএনজি অটোরিকশা চালু করা হোক ।