অধিবেশন বানচালের অভিযোগে ভারতের রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়েছে তৃণমূল কংগ্রেসের ছয় এমপিকে। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, গতকাল বুধবার রাজ্যসভায় অধিবেশন শুরু হতেই তৃণমূলসহ বিরোধী দলের এমপিরা ওয়েলে নেমে আসেন। প্ল্যাকার্ড হাতে নিয়ে পেগাসাস কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন। রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু তাদের নিজ নিজ জায়গায় ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু সেই অনুরোধে তারা কর্ণপাত করেননি। তার পরই অধিবেশন বানচালের অভিযোগ তুলে এক দিনের জন্য সাসপেন্ড করা হয় তৃণমূলের ছয় এমপিকে।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা মমতা ব্যানার্জির ভাতিজা অভিষেক ব্যানার্জি এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, আমাদের এমপিদের সঙ্গে যা করা হলো তা থেকে স্পষ্ট যে, ৫৬ ইঞ্চির গডফাদার হার মেনে নিয়েছেন। এরপরই তিনি হুঁশিয়ারি দেন, আমাদের সাসপেন্ড করতে পারেন, কিন্তু চুপ করাতে পারবেন না। রক্তের শেষ বিন্দু পর্যন্ত আমরা সত্যের জন্য লড়াই চালিয়ে যাব। কয়েক দিন আগেই রাজ্যসভা থেকে গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছিল তৃণমূল এমপি শান্তনু সেনকে।
