গত ৩০ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে হলিউড অভিনেতা ভ্যান ড্যাম অভিনীত ফরাসি অ্যাকশন কমেডি সিনেমা ‘দ্য লাস্ট মার্সেনারি’। চলচ্চিত্রটি এখন ওটিটি প্ল্যাটফরমের জনপ্রিয়তার তালিকার সেরা দশে অবস্থান করছে। তবে এ ছবিতে বাংলাদেশের পণ্যবিরোধী প্রচারণার গুরুতর অভিযোগ মিলেছে। চলচ্চিত্রটির একটি সংলাপে তার প্রমাণও পাওয়া গেছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে দেশ-বিদেশে বাংলাদেশিদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ তৈরি হয়েছে।
ডেভিড চারহন পরিচালিত ফ্রেঞ্চ ভাষার এ ছবির মাধ্যমে বাংলাদেশের রপ্তানি পণ্যকে অতি নিম্নমানের বলে প্রচারণা চালানো হচ্ছে। ছবির শেষ দৃশ্যে দেখানো হয়, একটি চরিত্র বলছে, ‘আমি বুলেটপ্রুফ স্যুট পরে ছিলাম’ (Ah, yes. Bulletproof tuxedo). প্রত্যুত্তরে আরেক জন বলে, ‘সেটা ছিল মেড ইন ফ্রান্স। তবে যদি এটি বাংলাদেশ থেকে আসে, তাহলে আমি শেষ হয়ে যাব’ (Made in France. If it was from Bangladesh, I,d be gone.).
মূলত এই সংলাপের মাধ্যমে সূক্ষ্মভাবে বাংলাদেশের তৈরি পোশাককে নিম্নমানের হিসেবে দেখানো হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘বিষয়টাকে নেহাত সিনেমার ডায়ালগ মনে করলে চরম বোকামি হবে। বাংলাদেশের তৈরি পণ্যের নেগেটিভ ব্র্যান্ডিংয়ের জন্য এসব মুভি যে মোক্ষম অস্ত্র তা চোখে আঙুল দিয়ে দেখানোর প্রয়োজন আছে বলে মনে হয় না।’ অন্য একজন বাংলাদেশি লিখেছেন, ‘আমরা বুলেটপ্রুফ কিছু তৈরি করি না। তারপরেও এর সঙ্গে বাংলাদেশের নাম জুড়ে নিম্নমানের প্রমাণ করাটা সত্যিকার অর্থে একটা গভীর চক্রান্ত।’
এমন সংলাপ ব্যবহারে বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা সব সময় উন্নত মানের পোশাক রপ্তানি করি, সে কারণেই বিশ্বের বিখ্যাত ব্র্যান্ডগুলো আমাদের পোশাক কেনে। কোনো চলচ্চিত্র বা মুভিতে বাংলাদেশকে নিয়ে বিতর্কিত কোনো সংলাপ মোটেই সমীচীন নয়। আমি এই সংলাপ ব্যবহারের তীব্র প্রতিবাদ করছি।’
