মুন্সীগঞ্জে আগুনে ৪৬ পরিবার গৃহহারা

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ০০:১১

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হাড়িদিয়া গ্রামের একটি বস্তির বেশ কয়েকটি ঘর পুড়ে গৃহহীন হয়েছে ৪৬ পরিবার। মঙ্গলবার গভীর রাতের এই অগ্নিকাণ্ডে দরিদ্র পরিবারগুলো এখন নিঃস্ব। শ্রীনগরের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসার আগেই গ্রামবাসী আধঘণ্টা চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ে যায় বেশির ভাগ ঘর।

পরে ফায়ার সার্ভিস আরো আড়াই ঘণ্টা চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সাহায্যের আওতায় আনা হচ্ছে। স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি জানান, পরিবারগুলোকে খাদ্যসহায়তা ছাড়াও টিন দেওয়ার জন্য প্রশাসনকে বলা হয়েছে।

বস্তি ঘরের মালিক জহির দেওয়ানের দাবি, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন বস্তিতে আগুন দিয়েছে। এর আগেও দুই বার আগুন দিয়েছিল। তিনি জানান, এর আগে আগুন লাগানোর ঘটনায় তাদের নামে লৌহজং থানায় জিডি করেছিলেন তিনি।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর লোকজন জানিয়েছেন, আগুনে তাদের ঘরে থাকা নগদ টাকা, আসবাবপত্র, মূল্যবান সামগ্রী পুড়ে গেছে। কাঠ ও টিনশেডের তৈরি হাড়িদিয়া গ্রামের এই বস্তিতে ৫০টি পরিবারের থাকার জায়গার মধ্য থেকে ৪৬টি থাকার জায়গাই পুড়ে গেছে।

শ্রীনগর ফায়ার স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, ১০টি ঘর পুড়েছে। এসব ঘরে ৪৬টি পরিবার বসবাস করত। ক্ষতির পরিমাণ ১২ লাখ টাকা হবে। তবে ক্ষতিগ্রস্তদের দাবি, ক্ষতির পরিমাণ ৫০ লাখ টাকা।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইনের ধারণা, ঘরের ভেতর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এখানে বহিরাগত দিনমজুর-শ্রমিকরা পরিবার নিয়ে ভাড়া থাকেন।