ট্রাকের ধাক্কায় নিরাপত্তারক্ষী নিহত

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ০০:২৩

শ্যামপুর থানাধীন পশ্চিম দোলাইরপাড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় আজাহার উদ্দিন বেপারি নামে এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজাহারের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জে। তার বাবার নাম মৃত হাফিজ উদ্দিন বেপারি। তিনি পশ্চিম দোলাইরপাড় এলাকার একটি বাড়িতে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। শ্যামপুর থানাপুলিশের এসআই মাহবুব হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ  হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি।

এদিকে, গতকাল লালবাগের কেল্লার মোড় এলাকায় একটি পলিথিন কারখানায় বিদ্যুত্স্পৃষ্টে স্বপন মিয়া নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর থানার টুমচর গ্রামে। নিহত স্বপনের ভাই জানান, ফ্যাক্টরিতে মেশিন পরিষ্কার করার সময় বিদ্যুত্স্পৃষ্ট হন স্বপন।