লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরাইল

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২০:৩০

লেবাননের দক্ষিণাঞ্চলে বিভিন্ন লক্ষ্যস্থলে বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরাইল। ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে রকেট হামলার জবাবে দেশটির দক্ষিণাঞ্চলের রকেট ছোড়ার স্থানগুলোতে বৃহস্পতিবার ভোররাতে বিমান হামলা চালিয়েছে তারা। বুধবার লেবানন থেকে ছোড়া দুটি রকেট ইসরাইলে গিয়ে পড়ার পর গোলাবর্ষণ করে তার জবাব দিয়েছিল ইসরাইল, এবার বিমান হামলাও চালাল তারা।

কেউ দায় স্বীকার না করলেও লেবাননের দক্ষিণাঞ্চলের যে এলাকাগুলো থেকে ইসরাইলে রকেট হামলা চালানো হয়েছে তা ইরান সমর্থিত হিজবুল্লাহ গেরিলাদের নিয়ন্ত্রণে। তবে ঐ রকেট হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, ‘লেবাননে সন্ত্রাসের জন্য ব্যবহূত অবকাঠামোগুলোতে যেগুলো থেকে রকেটগুলো ছোড়া হয়েছে তাতে আমাদের যুদ্ধবিমানগুলো আঘাত হেনেছে।’

হিজবুল্লাহর আল মানার টেলিভিশন জানিয়েছে, ইসরাইলের সীমান্ত থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে লেবাননের মাহমুদিয়া শহরের প্রান্তীয় দুটি জায়গায় ইসরাইলি যুদ্ধবিমানগুলো হামলা চালিয়েছে। ২০০৬ সালে ইসরাইল হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ের পর থেকে দুই দেশের সীমান্ত পরিস্থিতি এতদিন শান্তই ছিল।