জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনাসভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পালন করা হয় বিভিন্ন কর্মসূচি। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
বরিশাল :বিভাগীয় ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে বৃহস্পতিবার সকালে শহিদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম মিলনায়তনে আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল। বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর খান আলো প্রমুখ। শুরুতে বিভাগীয় প্রশাসন ও বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শুভেচ্ছা নিবেদন করেন নেতৃবৃন্দ। পরে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।
ভাঙ্গা (ফরিদপুর) :সকালে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন একত্রিত হয়ে শহিদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর উপজেলা হল রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় শহিদ ক্যাপ্টেন শেখ কামালসহ ১৫ আগস্টে তার পরিবারের সব শহিদের রুহের মাগফিতার কামনা করা হয়।
সুনামগঞ্জ :বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে স্থাপিত শহিদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া :পুষ্পস্তবক অর্পণ, আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্থানীয় নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
নাটোর :বৃহস্পতিবার বেলা ১১টায় নাটোর পৌরসভা প্রাঙ্গণে ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিকতা শুরু করেন পৌর মেয়র উমা চৌধুরী। এছাড়া পঞ্চগড়ের দেবীগঞ্জ, নরসিংদির পলাশ, ফরিদপুরের সদরপুর, কুড়িগ্রামের ফুলবাড়ী, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও ত্রিশাল, দিনাজপুরের ঘোড়াঘাট, মেহেরপুরের গাংনী, জয়পুরহাটের পাঁচবিবি, পটুয়াখালীর মীর্জাগঞ্জ, নেত্রকোনার কেন্দুয়া, কুমিল্লার হোমনায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জন্মদিন উদ্যাপিত হয়েছে।
