রাজশাহীতে স্বাভাবিক হয়ে উঠছে জীবনযাত্রা

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২১:১১

চলমান কঠোর লকডাউনেও রাজশাহীর জীবনযাত্রা প্রায় স্বাভাবিক হয়ে উঠেছে। স্বাভাবিক সময়ের মতোই রাজশাহী মহানগর জুড়ে বর্তমানে রিকশা-অটোরিকশা, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির চাপ বাড়ছে। কিছুটা রাখ-ঢাক থাকলেও ধীরে ধীরে খুলতে শুরু করেছে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। রাজশাহীতে আগের মতো কঠোর লকডাউন আর পরিলক্ষিত হচ্ছে না।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মোটরসাইকেলে মহানগরীর সাহেববাজার, মালোপাড়া, শহিদ কামারুজ্জামান চত্বর (রেলগেট), ভদ্রা স্মৃতি অম্লান মোড়, তালাইমারী মোড়, আলুপট্টি ও লক্ষ্মীপুর এলাকা ঘুরে দেখা যায়, কিছু দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, কিছু সম্পূর্ণ ও কিছু আংশিক খোলা রয়েছে। কিছু দোকানের আবার অর্ধেক সাটার তুলে বেচাকেনায় মন দিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে নগরীর রাণীবাজারে রাজশাহী অ্যাসোসিয়েশন মার্কেটে পুরো লকডাউন জুড়ে সামনের দুই ফটক বন্ধ এবং পেছনের একটি গেট খোলা রেখে কেনাবেচা চলছে স্বাভাবিক সময়ের মতোই। এছাড়া নগরীর কিছু এলাকায় রাস্তার ধারে বসছেন ফুটপাতের ব্যববসায়ীরাও।

সাহেববাজারে দেখা যায়, সাধারণ সময়ের মতোই সেখানে রিকশা-অটোরিকশার জট। মানুষেরও চলাচল প্রায় স্বাভাবিক। খুলেছে খাবার হোটেল এবং রেস্তোরাঁগুলো। রাস্তায় মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলাতে কাজ করছেন পুলিশ, আনসার, র্যাব এবং বিজিবির সদস্যরা। একই চিত্র নগরীর লক্ষ্মীপুর এলাকাতেও দেখা গেছে। খাবার হোটেলগুলোতে মানুষ বসে খাবার খাচ্ছে স্বাভাবিক সময়ের মতোই। রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক সাংবাদিকদের জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ১০ আগস্ট পর্যন্ত বিধিনিষেধ কার্যকরে প্রশাসন সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ জন্য শহরে চারটি এবং ৯ উপজেলায় ১৮টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। তার পরও নানা প্রয়োজনে মানুষ বের হচ্ছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, লকডাউন কার্যকর করতে গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।