রংপুর জেলায় করোনার গণটিকা পাবেন ৬৫ হাজার ২০০ জন

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২১:১২

রংপুর জেলায় আগামীকাল শনিবার থেকে গ্রাম পর্যায়ে করোনা ভাইরাসের গণ-টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। টিকাদান কেন্দ্রগুলোতে জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলেই টিকা নেওয়া যাবে। গণটিকা দানের দিনে রংপুর জেলায় মোট ৬৫ হাজার ২০০ জনকে টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়। রংপুর জেলার আটটি উপজেলার ইউনিয়নগুলোতে একটি করে টিকাদান কেন্দ্রে তিনটি করে বুথ থাকবে এবং প্রত্যেকটি বুথে ২০০ জন করে প্রত্যেকটি ইউনিয়নে মোট ৬০০ জন টিকা নিতে পারবে। এবং সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে একটি করে টিকাদান কেন্দ্রে তিনটি বুথে মোট ৬০০ জনকে টিকার আওতায় আনা হবে। সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বলেন, টানা সাত দিন গণটিকার কথা থাকলেও তা হচ্ছে না। ৭ আগস্ট প্রথম গণ-টিকাদানের পর ১৪ আগস্ট দ্বিতীয় দফায় গণটিকা কার্যক্রম চলবে।