শ্রীমঙ্গলে দুই পক্ষের সংঘর্ষে এক জন নিহত ও দুই জন আহত হয়েছেন। ঘটনাটি বুধবার বিকালে উপজেলার কালীঘাট ইউনিয়নের ভাড়াউড়া চা-বাগানে ঘটেছে। জানা যায়, বাড়ির পাশে একটি জারের মধ্যে গোবর ফেলাকে কেন্দ্র করে বাগানের বাসিন্দা বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরার ছেলে সাধন হাজরার সঙ্গে পার্শ্ববর্তী লাল বাহাদুর হাজরার বাগিবতণ্ডা হয়। লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে দুইপক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় সাধন হাজরার চিত্কার শুনতে পেয়ে তার মা রূপবতী হাজরা দৌড়ে ঘটনাস্থলে আসলে মাথায় আঘাত পান। পরে স্থানীয়রা তাকে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক বলেন, এরই মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলার এজাহারের ভিত্তিতে লাল বাহাদুর হাজরা, বিকাশ হাজরা, রিপন হাজরা ও ধনেশ্বরী হাজরা ওরফে একা হাজরাকে গ্রেফতার করে মৌলভীবাজার জেলহাজতে পাঠানো হয়েছে।
