খাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা যৌথ অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও চাঁদা আদায়ের রশিদ গুরুত্বপূর্ণ নথিসহ ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সদস্য কল্যান জ্যোতি চাকমাকে আটক করেছে। সেনা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে লোগাং ইউনিয়নের পুঁজগাং বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পুঁজগাং বাজার এলাকা থেকে ইউপিডিএফের দুই জন চাঁদা কালেক্টর চাঁদাবাজি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি সেনা ক্যাম্প ও লোগাং বিজিবি জোন থেকে দুটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় চাঁদাবাজরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি করলে তারাও পালটা গুলি করে। দুই জনের মধ্যে রিপন ত্রিপুরা (২২) নামের একজন পালিয়ে যায়। অপরজন কল্যান জ্যোতি চাকমাকে আহত অবস্থায় আটক করা হয়। তার কাছে একটি দেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, তিনটি মোবাইল ফোন ও নগদ ১১ হাজার টাকাসহ নথিপত্র উদ্ধার করা হয়। পানছড়ি সেনা ক্যাম্প থেকে জ্যোতি চাকমাকে প্রাথমিক চিকিত্সা শেষে পানছড়ি থানা পুলিশে সোপর্দ করা হয়।
