ঝিনাইদহ জেলায় শনিবার থেকে করোনার গণটিকা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলায় ৬৭টি ইউনিয়ন পরিষদ ও পাঁচটি পৌরসভা এলাকায় ৬৪৮টি টিকা কেন্দ্র খোলা হবে। প্রতি কেন্দ্রে দুই জন করে ভ্যাক্সিনেটর ও তিন জন করে স্বেচ্ছাসেবক টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করবেন। এ সমস্ত টিকা কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, ইতিমধ্যে জেলায় ১ লাখ ২২ হাজার ৮০০ ডোজ চিনের সিনোফার্মের টিকা এসে পৌঁছেছে। টিকা বিভিন্ন উপজেলায় পাঠানো হয়েছে। তিনি বলেন, টিকাদান কর্মসূচি সফল করতে এলাকার জনপ্রতিনিধিরাও সহযোগিতা করবেন।
