পাইকগাছায় এক মাসে সাত বাল্যবিবাহ বন্ধ
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছায় গত এক মাসে সাতটি বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন। গত জুলাই মাসে সাত বাল্যবিবাহ বন্ধ করে সর্বমোট ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী। তিনি উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. আলতাফ হোসেনের মাধ্যমে অপ্রাপ্ত বয়স্ক বর ও কনের বাবা-মাকে আটক করেন। পরে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়ায় বিয়ে সম্পন্ন করার কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত ছেলেমেয়ের বাবাকে ৩৩ হাজার টাকা জরিমানা করেন।
গাজনার বিল থেকে নিষিদ্ধ জাল জব্দ
সুজানগর (পাবনা) সংবাদদাতা সুজানগরের গাজনার বিলে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল জব্দ করেছে উপজেলা মত্স্য বিভাগ। উদ্ধারকৃত জালের মধ্যে রয়েছে ৫০টি চায়না জাল, ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০টি খড়া জাল। বৃহস্পতিবার বিলের খয়রান, চরদুলাই, উলাট, চরগোবিন্দপুর এবং বোনকোলাসহ বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে জালগুলো জব্দ করা হয়। নিষিদ্ধ জাল দিয়ে পোনা ও মা-মাছ নিধনের গোপন সংবাদের ভিত্তিতে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলীর নেতৃত্বে উপজেলা মত্স্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান ও এসআই রাশিদুল ইসলাম নৌকাযোগে বিলে অভিযান চালায়। সে সময় নিষিদ্ধ জালগুলো জব্দ করা হয়। পরে সেগুলো বিল পাড়ের খয়রান ব্রিজের পাশে পুড়িয়ে ফেলা হয়।
সমুদ্রগামী জেলেদের মধ্যে চাল বিতরণ
মনপুরা (ভোলা) সংবাদদাতা মনপুরার হাজিরহাট ইউনিয়নের ৩ হাজার ২৫৮ সমুদ্রগামী জেলের মধ্যে বৃহস্পতিবার ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। হাজিরহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ের নিচে ৯টি ওয়ার্ডের সমুদ্রগামী জেলেদের মধ্যে চাল বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম মিঞা।
প্রণোদনার চেক পেলেন ১০ উদ্যোক্তা
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা করোনায় ক্ষতিগ্রস্ত ১০ জন পল্লি উদ্যোক্তার মধ্যে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পাকুন্দিয়ার উদ্যোগে এ চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এ কে এম লুত্ফর রহমান।
করোনা রোগীদের জন্য অক্সিজেন সেবা চালু
কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা কচুয়ার ডুমুরিয়া গ্রামে বৃহস্পতিবার করোনা রোগীদের জন্য অক্সিজেন সেবা চালু করা হয়েছে। শেখ রাসেল স্মৃতি সংসদ ও ডুমুরিয়া তরুণ সংঘের উদ্যোগে এ সেবা চালু হয়েছে। ডুমুরিয়া শেখ রাসেল স্মৃতি সংসদের কার্যালয়ে পাঁচটি অক্সিজেন সিলিন্ডার দিয়ে টেলি কনফারেন্সে এ কার্যক্রম উদ্বোধন করেন সংঘের প্রধান উপদেষ্টা এম আলমগীর মজুমদার।
কাঠমিস্ত্রিদের মধ্যে নগদ অর্থ সহায়তা
মহালছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা মহালছড়িতে করোনায় কর্মহীন হয়ে পড়া কাঠমিস্ত্রি ও অনগ্রসর জাতিগোষ্ঠীর মধ্যে বৃহস্পতিবার নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ কার্যালয়ে এ অর্থ সহায়তা দেওয়া হয়। ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল নিজে উপস্থিত থেকে প্রত্যেককে নগদ ১ হাজার টাকা করে দেন।
নিম্ন আয়ের লোকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনা পৌর এলাকার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার এবং বুধবার নিম্নআয়ের ১ হাজার শ্রমজীবী মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। নেত্রকোনার যুবলীগ নেতা এবং ‘টিম নৌকার’ সভাপতি এ কে এম আজাহারুল ইসলাম অরুণ শহরের রাজুর বাজার, মোক্তারপাড়া, রেলক্রসিংসহ বিভিন্ন স্থানে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।
জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা
কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা কাহারোলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে প্রস্তুতিমূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা মহেশপুরের ফতেপুর গাজীরণনেছা বালিকা বিদ্যালয়ে আইসিটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক আব্দুর রহমান।
