হাসপাতালগুলোতে দালালদের দৌরাত্ম্য দিন দিন বেড়ে যাচ্ছে। কমবেশি প্রতিটি সরকারি হাসপাতালে দালালচক্রের প্রভাব লক্ষণীয়। তারা গ্রামের দরিদ্র, অসহায় যারা কি না চিকিত্সাব্যবস্থা সম্পর্কে কিছুই জানে না তাদের টার্গেট করে। কম খরচে পরীক্ষা-নিরীক্ষা ও অস্ত্রোপচার করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বেসরকারি কোনো ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারে ভর্তি করায়। ফলে সরকারি হাসপাতালের স্বল্প মূল্যের পরীক্ষা-নিরীক্ষা থেকে বঞ্চিত হয় এবং অধিক অর্থ ব্যয় করে সর্বস্বান্ত হয়ে ফেরে ভুক্তভোগীরা। মানহীন হাসপাতালে যাওয়ায় অনেক সময় সুচিকিত্সার অভাবে রোগীর মৃত্যু ঘটে। তাছাড়া সরকারি হাসপাতালের গেট থেকে শুরু করে প্রতিটি ধাপে দালালদের টাকা না দিলে রোগী ভর্তি প্রায় অসম্ভব হয়ে পড়ে। চিকিত্সক, নার্স, ওয়ার্ড বয় সবার সঙ্গে দালালদের সুসম্পর্ক থাকার সুবাদে অর্থের বিনিময়ে খুব সহজে হাসপাতালের বেড পাওয়া সম্ভব হয়। তাই এই দালালচক্রের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মোহাম্মদ নাদের হোসেন ভূঁইয়া
শিক্ষার্থী, জয়নাল হাজারী কলেজ, ফেনী
