আমি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বাসিন্দা। যোগাযোগব্যবস্থার কারণে আমার নিজ উপজেলা ও জেলায় কোনো কাজ করতে গেলে চার-পাঁচ ঘণ্টা সময়ের কমে করার কোনো উপায় থাকে না। আমাদের এলাকা থেকে পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার লালপুর বাজারের সঙ্গে যোগাযোগব্যবস্থা খুবই ভালো। নৌকায় মাত্র ৩০-৪০ মিনিটের মধ্যে লালপুর বাজারে আসা ও যাওয়া সম্ভব। এই এলাকার অধিকাংশ লোক বিদেশে থাকে। ফলে টাকা-পয়সা লেনদেনের জন্য ব্যাংকের ওপর তাঁদের ভরসা করতে হয়। লালপুর বাজারে অগ্রণী ব্যাংকের একটি শাখা রয়েছে। তাঁরা এই ব্যাংকের গ্রাহক। ব্যাংক সার্ভিস মোটামুটি ভালো। তবে ইদানীং ব্যাংকে গেলে ব্যাংক-কর্মকর্তারা প্রায়ই বলে থাকেন নেট সমস্যার কথা। অধিকাংশ মানুষই নেট সমস্যা কী তা বোঝে না। নেটের জন্য কোনো কোনো সময় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। তাই আমরা অগ্রণী ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি—লালপুর বাজার শাখার নেট সমস্যা দ্রুত দূর করে এলাকাবাসীর ব্যাংকসেবা নিশ্চিত করুন।
এম জাহাঙ্গীর, কালিকাপুর, রায়পুর, নরসিংদী
