পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষ্যে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন অডিটরিয়ামে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এছাড়া একই সভা কক্ষে পৃথকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শহিদ ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মদিন পালন উপলক্ষ্যে আলোচনাসভা এবং মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠান, উপজেলা মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা, মাসিক সমন্বয় সভা, উপজেলা স্বাস্থ্যবিষয়ক সভা, উপজেলা টাক্স ফোর্সের সভা এবং উপজেলা পরিষদের মাসিক সভাসহ মোট সাতটি সভা অনুষ্ঠিত হয়।
সকালে সভার শুরুতে ’৭৫-এর ১৫ আগস্ট নির্মমভাবে খুন হওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবার এবং শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে এসব পৃথক সভার দুটিতে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ এবং পাঁচটিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর।
পৃথক এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায়, ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস, পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, ইকড়ি ইউপি চেয়ারম্যান মো. হুমায়উন কবির হাওলাদার, তেলিখালী ইউপি চেয়ারম্যান মো. শামসুউদ্দিন হাওলাদার, নদমুলা ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আরিফ জোমাদ্দার প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ সিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দারসহ সরকারি, বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক এবং স্ব স্ব কমিটির সদস্যবৃন্দ। দোয়া মোনাজাত পরিচালনা করেন স্থানীয় শাহাবুদ্দিন সিনিয়র ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. ফারুক হোসাইন।
সভায় ১৫ আগস্ট জাতীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের জন্য উদ্যাপন কমিটি ও উপকমিটি গঠন করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আগামী ৭ আগস্ট ওয়ার্ড পর্যায়ে টিকা প্রদানের জন্য প্রাপ্ত ১ হাজার ৪০০ ডোজ টিকা প্রদানের শুরুর দিনে তেলিখালী, ইকড়ি ও নদমুলা ইউনিয়নের সাবেক তিনটি ওয়ার্ডের প্রতি ওয়ার্ডে ২০০ করে মোট ৬০০ ডোজ টিকা প্রদান করা হবে বলে জানান টিএইচএ। ওসি জানান, ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত করতে আরো কঠোর অবস্থান গ্রহণ করে সহনীয় পর্যায়ে আনা হবে। এজন্য সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। এছাড়া অন্যান্য দপ্তরের কার্যক্রম স্বাভাবিক বলেও জানান স্ব স্ব অধিদপ্তরের কর্মকর্তাগণ।
