পাবনার সাঁথিয়ায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগের নেতাসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছে একটি পরিবার।
জানা যায়, উপজেলার করমজা ইউনিয়নের আফড়া গ্রামের কাজীলাল ও আনছার পক্ষের মধ্যে বাইচের নৌকা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। গ্রামের তাছের ফকির আনছারের বাইচের নৌকায় উঠলে গত বুধবার রাতে কাজীলালের লোকজন তাছেরের ছেলে কাওছারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পূর্বের সংঘর্ষের জেরে পুনরায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ধারালো দেশি অস্ত্র লাঠি ও ইট ব্যবহার করা হয়। এতে উভয় পক্ষের ২০ জন আহত হন। আনছার পক্ষের আহতরা হলেন—কাওছার (৩৫), হাসনা খাতুন (৫০), রফিকুল ইসলাম (৪০), মন্জু (২৫), রাজাই (৪০), ওয়াসিম (২৫), হাইস (২৬), জসিম (২৩), হযরত (৫০), জাহাঙ্গীর (৩০)। কাজীলাল পক্ষের আহতরা হলেন—পাবনা জেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম (২৮), লালচাঁদ (৩২), আনার (৩৭), শরীফ (২৫), আলামিন (৪০), আলজব (৩৭), রেজাউল (৪৩), আব্দুল (৪৫), গফুর (৭০), রত্না খাতুন (২৫), আশরাফুল (৪০) ও রস্তম খাঁ (৬০)।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়ে এলাকার পরিবেশ শান্ত করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
