বরিশালের উজিরপুর থেকে অপহরণের ৩৮ দিন পর গাজীপুর থেকে এক তরুণীকে (১৬) উদ্ধার করেছে পুলিশ। তরুণী অপহরণের অভিযোগে মো. মিজান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাজাহান জানান, গত ২৮ জুন উজিরপুর উপজেলার বাসিন্দা মো. নজরুল ইসলাম হাওলাদার স্থানীয় থানায় তার মেয়ে (১৬) অপহরণের মামলা করেন। এরপর ধারণা করা হয়, ভিকটিমকে আর জীবিত উদ্ধার সম্ভব নয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার রাত ৮টার দিকে গাজীপুরের শ্রীপুর থানার কেওয়া গ্রামের মো. মিজানের বাড়ি থেকে ঐ তরুণীকে উদ্ধার করে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশ। একই দিন রাত সাড়ে ১২টায় অপহরণে জড়িত থাকার অভিযোগে মো. মিজানকেও গ্রেফতার করে পুলিশ।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, মামলায় এজাহারভুক্ত আসামিদের সঙ্গে মিজানের কী সম্পর্ক তা তদন্ত করা হচ্ছে এবং মিজানের রিমান্ডের আবেদন করা হবে। তারপর মূল ঘটনা উদ্ঘাটন হবে। গতকাল দুপুরে মিজানকে উজিরপুর থানায় সোপর্দ করা হয়েছে। অপরদিকে উদ্ধারকৃত তরুণীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
