শেখ কামাল হত্যা অপূরণীয় ক্ষতি

অভিনয়-মডেলিংয়ের আড়ালে অনৈতিক কাজ করলে দায় এড়ানো যাবে না :তথ্যমন্ত্রী

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২২:০৮

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, অভিনয়-মডেলিংয়ের

আড়ালে অনৈতিক কাজ করলে দায় এড়ানো যাবে না। গতকাল সরকারি বাসভবনে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহিদ শেখ কামালের ৭২তম জন্মদিন উপলক্ষ্যে বক্তব্য শেষে মন্ত্রী সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। সম্প্রতি একাধিক অভিনয়শিল্পী-মডেল গ্রেফতার হওয়া নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অভিনয়-মডেলিং এগুলো আমাদের শিল্প-সংস্কৃতিরই অংশ। যারা এগুলো চর্চা করেন তারা এই অঙ্গনকে সমৃদ্ধ করে অনেকে জীবিকাও নির্বাহ করেন; কিন্তু এর আড়ালে কেউ যদি অবৈধ-অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন, তিনি যেই হোন, সেই দায় তো তাকে নিতেই হবে।’

এ ধরনের অভিযোগে গ্রেফতারের পরিপ্রেক্ষিতে শিল্পাঙ্গনে কোনো বিরূপ প্রভাব পড়বে না উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘অনৈতিক বা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত যে কারোর বিষয়ে সব সময়ই আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা নিতে পারে। এতে পুরো অঙ্গনের ওপর কোনো প্রভাব পড়বে বলে আমি মনে করি না।’

শহিদ শেখ কামালের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সঙ্গে শহিদ হওয়া পরিবারের সদস্য শেখ কামাল ছিলেন একাধারে ক্রীড়াবিদ ও অন্যদিকে সংস্কৃতিকর্মী। তিনি ফুটবল খেলতেন, ক্রিকেট খেলতেন। আবাহনী ক্রীড়াচক্র সংগঠিত করে বাংলাদেশে আধুনিক ফুটবলের প্রবর্তন করেছিলেন তিনি। একই সঙ্গে তিনি অভিনয় করতেন, সেতার বাজাতেন, গান গাইতেন। এমন বহুগুণে গুণান্বিত ছিলেন শহিদ শেখ কামাল।’ ড. হাছান বলেন, ‘শেখ কামালকে হত্যা করার মধ্য দিয়ে ক্রীড়াঙ্গন-সাংস্কৃতিক অঙ্গনসহ দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে।  অহমিকাহীন এ মানুষটিকে দেখে কেউ বলতে পারত না যে, তিনি জাতির পিতার পুত্র কিংবা দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির পুত্র। নির্লোভ, নিরহংকার এমন মানুষকে হত্যাকারী খুনি চক্রের প্রতি আমি ধিক্কার জানাই।’