সোনারগাঁওয়ে জমি নিয়ে বিরোধ ট্যাটাবিদ্ধসহ ১০ জন আহত

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২২:০৮

সোনারগাঁওয়ের বারদী ইউনিয়নের আলগীর চর গ্রামে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ট্যাটাবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে। বুধবার বিকালে এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা। এ ঘটনায় বুধবার রাতে ব্যবসায়ী মো. সাদেকুর রহমান বাদী হয়ে সোনারগাঁও থানায় মামলা করেন। 

জানা যায়, আলগীর চর গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে ব্যবসায়ী সাদেকুর রহমানের সঙ্গে একই গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে হাবিবুর রহমানের একটি জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে বিভিন্ন সময়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে বিচার সালিশের আয়োজন করা হয়। তা অমান্য করে হাবিবুর রহমান সালিশে উপস্থিত হননি। গত বুধবারও এ জমির বিরোধ মীমাংসায় বিচার সালিশের আয়োজন করা হয়। এ সালিশেও হাবিবুর রহমান উপস্থিত না হয়ে বিকালে দেশীয় অস্ত্র, ট্যাটা, বল্লম, লোহার রড, হকিস্টিক, রামদা ও লাঠিসোটায় সজ্জিত হয়ে জমি দখলের চেষ্টা করে। এতে বাধা দেওয়ায় হাবিবুর রহমানের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল সাদেকুর রহমানের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় ট্যাটাবিদ্ধ, রামদা ও হকিস্টিকের আঘাতে দুই নারীসহ সাত জন আহত হয়।

ব্যবসায়ী সাদেকুর রহমান বলেন, তিনি ৩৭ শতাংশ জমি এক বছর আগে এক ব্যক্তির কাছ থেকে ক্রয় করেন। সম্প্রতি এ জমির মালিকানা দাবি করেন হাবিবুর রহমান। বিরোধ মীমাংসার জন্য আয়োজিত সালিশে তিনি উপস্থিত না হয়ে জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়েছেন। বাধা দেওয়ায় হামলা চালিয়ে তার পক্ষের ১০ জনকে ট্যাটাবিদ্ধ ও পিটিয়ে এবং কুপিয়ে আহত করা হয়েছে।

অভিযুক্ত হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন এবং বিরোধপূর্ণ  জমি নিজের বলে দাবি করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটে। সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ট্যাটাবিদ্ধ ও পিটিয়ে এবং কুপিয়ে আহত করার ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।