শোকাবহ আগস্ট ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দুস্থ-অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে মোহাম্মদ নাসিম ফাউন্ডেশন। গতকাল সোবহানবাগ ও কলাবাগান এলাকায় মোহাম্মদ নাসিম ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচ শতাধিক মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
চলমান লকডাউনের কারণে অসহায় দিনমজুর ও ছিন্নমূল মানুষ বিভিন্ন ধরনের সংকটে পড়েছেন। এই সংকট মোকাবিলায় শুরু থেকে গরিব অসহায় মানুষের মধ্যে জীবিত থাকাবস্থায় নিজ হাতে ত্রাণ বিতরণ করতেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিম। এ ছাড়া প্রতি বছর শোকের মাস আগস্টে মাসব্যাপী রাজধানী ও নির্বাচনি এলাকা সিরাজগঞ্জের কাজীপুরে গরিব মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করতেন তিনি। গত ১৩ জুন প্রয়াত হওয়ার পর মোহাম্মদ নাসিম পরিবারের সদস্যরা মোহাম্মদ নাসিম ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে ধারাবাহিকভাবে অসহায়দের মধ্যে ত্রাণ বিতরণ করে আসছেন।
যার ধারাবাহিকতায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গতকাল দুস্থ ও অসহায়দের মধ্যে পাঁচ শতাধিক খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। মোহাম্মদ নাসিম ফাউন্ডেশনের অন্যতম সদস্যরা হলেন প্রয়াত মোহাম্মদ নাসিমের সহধর্মিণী লায়লা আরজুমান্দ, বড় ছেলে তানভীর শাকিল জয় এমপি, মেজো ছেলে তমাল মনসুর ও ছোট ছেলে তন্ময় মনসুর। তাদের সার্বিক ব্যবস্থাপনায় গতকাল ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি ডা. দিলীপ কুমার রায়, ঢাকা জেলা আওয়ামী লীগের সদস্য মো. তোফাজ্জল হোসেন দয়াল, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা মোর্শেদ কামাল, কলাবাগান থানা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম সাধু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
