ধর্ষণের ঘটনায় আপসের চেষ্টা, ইউপি সদস্যসহ গ্রেফতার ২

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২২:১০

আড়াইহাজারে ধর্ষণের ঘটনায় আপসরফার চেষ্টা এবং থানায় আসতে বাধা দেওয়ায়  স্থানীয়  ইউপি সদস্যসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের টেকপাড়া থেকে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সাতগ্রাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রহিজউদ্দিন ও এলাকার মাতবর আবুল হোসেন। উপজেলার সাতগ্রাম ইউনিয়নের টেকপাড়া গ্রামে ২ আগস্ট এ ঘটনা ঘটলেও ইউপি সদস্য গ্রাম্য মাতবরের বাধার কারণে ৫ আগস্ট থানায় মামলা হয়।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, গত ২ আগস্ট শিশুটি  তার বান্ধবীর বাড়িতে যাওয়ার পথে টেশপাড়া গ্রামের জুম্মানের ছেলে তাজিমুল তাকে জোরপূর্বক টেনে-হিচড়ে একই গ্রামের একটি বাড়ির পরিত্যক্ত বসতঘরে নিয়ে ধর্ষণ করে। ধষর্ণের শিকার শিশুটির চিত্কারে বাড়ির মালিক ভুক্তভোগীকে উদ্ধার করে। এ সময়  ধর্ষণকারী পালিয়ে যায়। পরে এ ঘটনা মীমাংসার জন্য সাতগ্রাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রহিজউদ্দিন ও এলাকার মাতবর আবুল হোসেন  ধর্ষিতার পরিবারকে বিভিন্ন প্রলোভন দেন এবং থানায় মামলা করতে নিষেধ করেন। এ ব্যাপারে ধর্ষিতার নানা গতকাল বৃহস্পতিবার সকালে আড়াইহাজার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার খবর পেয়ে ইউপি সদস্য ও মাতবর  আবারও  মামলা আপস-মীমাংসার প্রস্তাব দিলে থানার পুলিশ তাদের আটক করে নারায়ণগঞ্জ কোর্টে পাঠায়।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান আরো জানান, বাধা দেওয়ার অভিযোগে ইউপি সদস্য ও মাতবরকে গ্রেফতার করা হয় এবং ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে। ইউপি সদস্য ও মাতবরকে এই মামলায় আসামি করা হয়েছে। কারণ তাদের কারণে ধর্ষণের আলামত নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।