ডেঙ্গু মশার লার্ভা ধ্বংসে চিরুনি অভিযানে গিয়ে বেহাল সড়ক সংস্কার না হওয়ায় নাগরিকদের রোষানলে পড়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। গতকাল উত্তর সিটির ৪৯ নম্বর ওয়ার্ডের আশকোনা এলাকায় এ ঘটনা ঘটে। মেয়র একটি নির্মাণাধীন ভবনকে জরিমানা করে গাড়িতে ওঠার সময় তাকে ঘিরে ধরে এলাকাবাসী। তাদের মধ্যে একজন নিজেকে সাবেক সরকারি কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে বলেন, দীর্ঘদিন এই এলাকায় সড়কগুলো ভাঙাচোরা। তার ওপর বৃষ্টি হলেই কোমর সমান পানি জমে। কোনো নাগরিক সুবিধা তারা পান না। এ থেকে পরিত্রাণে কবে নাগাদ ব্যবস্থা নেওয়া হবে তা জানতে চান। খুব শিগিগরই এলাকায় কাজ শুরু হবে বলে আশ্বস্ত করেই দ্রুত গাড়িতে উঠেন মেয়র। এ ঘটনায় ঐ ব্যক্তি তোপের মুখে পড়েন মেয়রের সঙ্গে থাকা লোকজন। এলাকাবাসী ক্ষিপ্ত হলে তারা সেখান থেকে চলে যান। একই দিনে ডিএনসিসি এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধে বিভিন্ন এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে ১০ মামলায় ৬ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
