বিপুল পরিমাণ মদ ও বিয়ারসহ আটক ৫

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২২:১০

শাহবাগ থানা এলাকা থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ ও বিয়ারসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-২-এর একটি দল বুধবার রাত পৌনে ১১টার দিকে শাহবাগ থানা এলাকার একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৬৭৪ ক্যান বিয়ার, ৭৪৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের দেশি-বিদেশি মদ ও মাদক বিক্রির ১ লাখ ৮৮ হাজার টাকা জব্দ করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা হলো— শাহিন মিয়া, কাওসার, জিতু মিয়া, জালাল খান, নয়ন মিয়া। র্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক জানান, জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যবসায়ীরা জানিয়েছে, দীর্ঘ দিন ধরে তারা পরস্পর যোগসাজশে অবৈধভাবে দেশি-বিদেশি মদ ও বিয়ার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।