১০ মিটার ডাইভিংয়েও স্বর্ণ চীনের

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২২:১৮

টোকিও অলিম্পিকে মেয়েদের ডাইভিংয়ে আগের তিনটি ইভেন্টে দাপট দেখিয়েছে চীন। এবার সবশেষ ১০ মিটার প্লাটফরম ডাইভিং ইভেন্ট জিতে ষোলকলা পূর্ণ করল দেশটি। ৪৬৬.২০ স্কোর নিয়ে সোনা জেতেন ১৪ বছর বয়সি কুয়ান হংচ্যান।  রুপা জিতেন চীনেরই আরেক কিশোরী চেন ইউশি (৪২৫.৪০) ও ব্রোঞ্জ পান অস্ট্রেলিয়ার মেলিসা উ।

গত বছর জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতে তাক লাগিয়ে দেন হংচ্যান। সেই ফরম টোকিওতেও অব্যাহত রাখেন তিনি। পাঁচ ডাইভের মধ্যে তিনটিতেই পারফেক্ট টেন আদায় করে নেন এই কিশোরী।

নিজের প্রথম স্বর্ণজয়ের মিশনে অবশ্য ঠিকই  স্নায়ুচাপে ভুগছিলেন হংচ্যান। তিনি বলেন, ‘বাবা-মা আমাকে চাপমুক্ত থাকতে বলেছিল। আমি কিছুটা স্নায়ুচাপে ছিলাম, তবে খুব বেশি নয়। মাত্র ১৪ বছর বয়সে অনন্য এই অর্জনের উদ্যাপনটা কেমন হবে সেটাও জানিয়ে রাখলেন হংচ্যান। তিনি বলেন, ‘আজ (গতকাল) রাতে অনেক সুস্বাদু খাবার খেতে চাই আমি। লাতিয়াও (চাইনিজ স্ট্রিট ফুড) বেশি খাবো মনে হচ্ছে।’