অ্যান্ডারসনেই কাবু কোহলি

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২২:২০

ট্রেন্টব্রিজ টেস্টের আগে টানা ৪৬ ইনিংস ধরে সেঞ্চুরি ছিল না বিরাট কোহলির।  অপেক্ষাটা আরো দীর্ঘায়িত করালেন জেমস অ্যান্ডারসন। অফ স্টাম্পের বাইরে দুর্দান্ত এক ডেলিভারিতে কাবু করে ভারতীয় অধিনায়ককে গোল্ডেন ডাক উপহার দেন ৩৯ বছর বয়সি পেসার। তা দেখে যে কারোরই  ২০১৪ সালের কথা মনে পড়ে যাবে। 

কোহলির উইকেট হারিয়েই ট্রেন্টব্রিজ টেস্টে চালকের আসন থেকে ব্যাকফুটে চলে যায় ভারত। প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ১৮৩ রানের জবাবে ভালোই এগোচ্ছিল সফরকারীদের ওপেনিং জুটি। কিন্তু শতরান পেরোনোর আগেই রোহিত শর্মাকে ফিরিয়ে স্বাগতিক দলে স্বস্তি আনেন পেসার ওলি রবিনসন। এরপরই অ্যান্ডারসন জাদু। টানা দুই বলে চেতেশ্বর পুজারা (৪) ও কোহলিকে (০) উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি।

রানআউটে কাটা পড়ার আগে বেশিক্ষণ টেকেননি অজিঙ্কা রাহানেও। এই প্রতিবেদন লেখা পর্যন্ত  ৫৮ রানে পিছিয়ে থাকা ভারতের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১২৫ রান।  লোকেশ রাহুল  ৫৭ রান ও ঋষভ পান্ত ৭ রানে ব্যাট করছেন।