টোকিও অলিম্পিক অ্যাথলেটিকস পুরুষ ৮০০ মিটারের ফাইনালে স্বর্ণ এবং রূপার পদক দুটোই জয় করেছেন কেনিয়ার দৌড়বিদ। এমান্যুয়েলে কোরির গলায় উঠল স্বর্ণপদক। তাঁর স্বদেশী ফার্গুসন রোটিচ জিতলেন রূপার পদক। কোরির তাঁর রেসটি শেষ করতে সময় নেন এক মিনিট ৪৫.০৬ সেকেন্ড। রোটিচ শেষ করেন ১ মিনিট ৪৫.২৩ সেকেন্ড সময় নিয়ে। কোরির তাঁর স্বদেশী ডেভিড রুডিসার ঐতিহ্যকে বহন করে এই বিভাগে স্বর্ণ জিতলেন। চোঁটের কারণে এবছরের গেমসে নিজের আগেরবারে জেতা স্বর্ণ ধরে রাখতে নামতে পারেননি দুইবারের অলিম্পিক স্বর্ণ জয়ী রুডিসা। ২৬ বছর বয়সি কোরির রুডিসার সেই ঐতিহ্যকে বজায় রাখলেন। তিনি ‘হোম স্ট্রেটের’ বাঁকে এসে রেসে লিড নেন। সেই লিড ধরে রেখে স্বর্ণ নিশ্চিত করেন। একটা সময় পদকের দাবিদার ছিলেন অস্ট্রেলিয়ার পিটার বোল। তবে তিনি শেষ ল্যাপে এসে পদকের লড়াইতে ছিটকে যান। ২০১৬ সালে রিও অলিম্পিকের ফাইনালে পঞ্চম স্থানে শেষ করা রোটিচ এদিন রূপার পদক পাওয়ার পরেও স্বাভাবিকভাবেই বেশ উচ্ছ্বসিত ছিলেন।
