২৪ ঘণ্টায় ২১৮ ডেঙ্গু রোগী

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২২:৫০

চলতি আগস্ট মাসের পাঁচ দিনেই ১ হাজার ২৪৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২১৮ জন ডেঙ্গু রোগী। এদের মধ্যে ২০৮ জনই ঢাকার আর ঢাকার বাইরে ১০ জন। রাজধানীর সরকারি-বেসরকারি কোনো হাসপাতালে করোনা ও ডেঙ্গু রোগীদের জন্য আইসিইউ শয্যা খালি নেই।

ডেঙ্গুতে মারা গেছে সিনিয়র সাংবাদিক ও এটিএন নিউজের এডিটর (অ্যাসাইনমেন্ট) সারওয়ার হোসেনের একমাত্র সন্তান শাবাব সারোয়ার। বুধবার রাতে স্কয়ার হাসপাতালে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।  শাবাবের বয়স ছিল ১০ বছর। সে আইডিয়াল স্কুলের বনশ্রী শাখার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিত্সক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, এ বছর বাংলাদেশে ডেঙ্গু হেমোরেজিক ফিভার বেশি হচ্ছে। চোখ, নাক ও ত্বকের নিচে রক্তক্ষরণ, বমি, পেটব্যথা, খাদ্যনালি, মূত্রনালিসহ বিভিন্ন জায়গায় রক্তক্ষরণের উপসর্গ নিয়েই ডেঙ্গুতে আক্রান্তরা হাসপাতালে বেশি আসছে। বেশির ভাগ রোগীরই রক্তে প্লাটিলেটের সংখ্যা ২০ হাজারের কম পাওয়া যাচ্ছে। এ কারণেই এবারের ডেঙ্গু অন্যবারের চেয়ে আলাদা। তাই সতর্ক হতে হবে। জ্বর হলেই করোনার পাশাপাশি ডেঙ্গু পরীক্ষা করতে হবে।

বর্তমানে দেশের হাসপাতালগুলোতে মোট ভর্তি ডেঙ্গু  রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৫ জন। রাজধানী ঢাকায় ২০৮ জন রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ৬৩ জন, বেসরকারি হাসপাতালে ১৪৫ জন ভর্তি হন। হাসপাতালে মোট ভর্তি রোগীদের মধ্যে ঢাকার হাসপাতালে এক হাজার ১২ জন ও বাইরে ৪৩ জন ভর্তি রয়েছেন। পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল বৃহস্পতিবার রাজধানীসহ সারা দেশে মোট তিন হাজার ৯০১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৮৩৬ জন রোগী। চলতি বছরের জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়, মার্চে ১৩, এপ্রিলে তিন, মে মাসে ৪৩, জুনে ২৭২, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন ছাড়াও ৫ আগস্ট ১ হাজার ২৪৩ জন রোগী ভর্তি হন।