ক্রিকেট দুনিয়ায় দাপট দেখানোর পাশাপাশি বহুবার প্রতিপক্ষের হাতে নাজেহাল হওয়ার নজির রয়েছে অস্ট্রেলিয়ার। ওয়ানডেতে পাঁচ বার বিশ্বকাপজয়ী দেশটির ক্রিকেটাররা হয়তো কল্পনাই করেননি বাংলাদেশ সফরে এমন অভিজ্ঞতার মুখে পড়বেন। কয়েক জন তারকা ক্রিকেটার ছাড়া বাংলাদেশে এসে রীতিমতো বিধ্বস্ত অস্ট্রেলিয়া। ২২ গজের লড়াইয়ে টাইগারদের সঙ্গে পেরেই উঠছে না ম্যাথু ওয়েডের দল।
বাংলাদেশের দাপটের জবাবই যেন নেই অস্ট্রেলিয়ানদের কাছে। টানা দুই ম্যাচ হেরে যাওয়া অস্ট্রেলিয়াকে চোখ রাঙাচ্ছে সিরিজ হারের তিক্ততা। বিষম চাপে পড়া দলটা প্রাণপণে চাইছে ঘুরে দাঁড়াতে। নিজেদের ইতিহাসে প্রথম বার অস্ট্রেলিয়াকে সিরিজ হারানোর সুযোগটা হাতছাড়া করতে চাইছে না বাংলাদেশ দল। টানা দুই জয়ে আত্মতুষ্টিতে ভুগছে না স্বাগতিকরা। লক্ষ্যে অবিচল বাংলাদেশ আজই সিরিজ জয় নিশ্চিত করতে চায়। সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
সম্মিলিত পারফরম্যান্সে জয় পাচ্ছে বাংলাদেশ। চেনা কন্ডিশনে ব্যাটসম্যানরা হয়তো খুব ভালো করেননি। তবে বোলাররা দুর্বার। সফরকারীদের মাথা তুলে দাঁড়ানোর সুযোগই দিচ্ছেন না মুস্তাফিজ-সাকিবরা। তবে ওপেনিংয়ে বড় জুটির অভাব ভোগাচ্ছে বাংলাদেশ দলকে। সৌম্য সরকার রান পাচ্ছেন না। যদিও আজ ওপেনিংয়ে পরিবর্তন আনার সম্ভাবনা নেই। উইনিং কম্বিনেশন ধরে রাখতে পারে স্বাগতিকরা।
গতকাল বিশ্রামে ছিল বাংলাদেশ দল। অলরাউন্ডার শেখ মেহেদী হাসান জানিয়েছেন, পুরো দলই আজকের ম্যাচের দিকে তাকিয়ে। ম্যাচটা জিতে সিরিজ নিজেদের করে নিতে মুখিয়ে আছে টাইগাররা। কারণ তাতেই মিলবে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে সিরিজ জেতার অসামান্য গৌরব।
অস্ট্রেলিয়া অবশ্য কৌশল বদলে বাংলাদেশের আক্রমণের জবাব খুঁজতেই ব্যস্ত আছে। দলটির একাদশেও আজ পরিবর্তন আসতে পারে। অধিনায়ক ম্যাথু ওয়েডের মতে, ম্যাচ আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে, জয়ের সুযোগ তৈরি করতে ব্যাটিংয়ে বড় উন্নতি আনতে হবে তাদের।
